ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে চুরি হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার গেটের গ্রিলের হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে চোররা। এরপর তারা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ১৬টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। আজ মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে জানতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ওসি মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।