আইন ও অপরাধ

‘বিটিএস’র টানে ঘরছাড়া তিন কিশোরীকে টঙ্গী থেকে উদ্ধার

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস’র টানে ঘর ছাড়া ৩  কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

রাতে খিলগাঁও থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে ওই তিন কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। মূলত তারা যে বাসায় ছিল, সেই বাসার বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করা হয়। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা করে তারা নিজ বাসা ছেড়ে চলে যায়। 

এ সময় তারা কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে আসে। তারা গার্মেন্টসে চাকরি করার জন্যও প্রস্তুতি নেয়। এখান থেকেই তাদের কোরিয়া যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই ৩ তরুণী স্বীকার করেছে। নিজেরাই স্বেচ্ছায় বাসা থেকে বের হওয়ায় এ ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করাও যায়নি। তবে তদন্ত-পূর্বক তাদের কেউ ইন্ধন দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আরও সচেতন হতে হবে। না হলে অল্প বয়সেই ছেলেমেয়েদের বিপথগামী হওয়ার সম্ভাবনা থেকে যায়। 

উদ্ধার হওয়া সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকতো। তারা ২৯ জানুয়ারি দুপুরের পরে যে কোনো সময় মেরাদিয়ার বাসা থেকে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিটিএস কী

বিটিএস একটি কোরিয়ান পপ ব্যান্ড বিডিএস’র পুরো নাম। বিটিএস বাংটন বয়েজ, বাংটন সোনিয়ন্দন, বিয়ন্ড দ্য সিন এবং বুলেটপ্রুফ বয় স্কাউট নামেও পরিচিত। বিটিএস’র সদস্য সংখ্যা ৭ জন। এর সমর্থকদের ‘আর্মি’ বলা হয়। তাদের যুক্তি, বিটিএসরা অনেক কালারফুল ও তাদের যান্ত্রিক সুরকে তারা পছন্দ করেন। ২০১০ সাল থেকে এই ব্যান্ডের যাত্রা শুরু। এরা পৃথিবীর জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি। বিটিএস’র সাত সদস্যের নাম: জিম, সুগা, জে হোপ, আরএম, জিমিন, ভি, জাংকুক।