খেলাধুলা

ওল্ড ট্র্যাফোর্ডে থর্পকে শ্রদ্ধা, সম্মাননা পাচ্ছেন অ্যান্ডারসন

কয়েকদিন আগেই না ফেরার দেশে পড়ি জমিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প। আজ থেক শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজে প্রয়াত এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাবেন ক্রিকেটাররা। সেই সঙ্গে সদ্য অবসর নেওয়া কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকেও দেওয়া হবে সম্মাননা।

গত ৪ আগস্ট মারা যান ৫৫ বছর বয়সী থর্প। তার স্ত্রী আমান্ডা পরে জানান, আত্মহত্যা করেছেন থর্প। মারা যাওয়ার আগে দীর্ঘদিন ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন থর্প। ওল্ড ট্রাফোর্ড টেস্ট শুরুর আগে স্টেডিয়ামে বড় পর্দায় থর্পকে তুলে ধরা হবে। এছাড়াও ইংল্যান্ডের খেলোয়াড়েরা টেস্টের পুরোটা সময় শোকের প্রতীক ‘কালো বাহুবন্ধনী’ পরে খেলবেন।

এই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অলি পোপ থর্পের ছাত্র ছিলেন। মাঠে নামার আগে পোপ বলেন,  ‘আমরা পুরো ম্যাচটি কালো বাহুবন্ধনী পরে খেলব। ম্যাচ শুরুর আগেও শ্রদ্ধা জানানো হবে। তার মৃত্যুতে ড্রেসিংরুমের বেশির ভাগ মানুষই বড় ধাক্কা খেয়েছে। দুই-তিন বছর তাকে ব্যাটিং কোচ হিসেবে পেয়েছি। মানুষ হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করি।’

এদিন সম্মাননা পাচ্ছেন অ্যান্ডারসনও। ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজাবেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার। মধ্যাহ্নবিরতির সময় আউটফিল্ডে ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে অ্যান্ডারসনের অর্জন উদ্‌যাপন করা হবে।