অর্থনীতি

১৬ লাখ শেয়ার কিনবেন এসিআইয়ের চেয়ারম্যান

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ১৬ লাখ শেয়ার কিনবেন তিনি। এ প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির শেয়ারের বাজারমূল্যে যার দাম দাঁড়ায় ২৪ কোটি ৮ লাখ টাকা।

আনিস উদ দৌলা একজন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি।