বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। অন্তবর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।”
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির কর্মী সম্মেলনে একথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, “অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থা স্বভাবিক হবে। ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখা সম্ভব হবে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, “বিএনপি সবসময়ই নির্বাচনমুখী দল। যে কোনো সময় নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।”
মহানগর বিএনপির আহ্বায়িক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডন উপস্থিত ছিলেন।