ক্যাম্পাস

ববিতে আন্দোলনরতদের ‘শিবির ট্যাগ’র অভিযোগে সমন্বয়ককে মারধর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘শিবির ট্যাগ’ দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে মারধর করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের বাসভবনের ফটকের সামনে একদল শিক্ষার্থী তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠেছে।

ভুক্তভোগী মো. ইমরান আল আমিন ববির রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই উপাচার্যবিরোধী আন্দোলনে যুক্ত হন শিক্ষার্থীরা। এ সময় স্বৈরাচারের দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনে উপাচার্যের বাসভবনে অবস্থান নেন । পরে আন্দোলন শেষ হলে ভুক্তভোগী ইমরানকে ডাকেন একদল শিক্ষার্থী। সেখানে কয়েক দফায় শিবির ট্যাগ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে ওই শিক্ষার্থীরা তাকে বেধড়ক মারধর করেন।

অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (ভর্তি শিক্ষাবর্ষ)  জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম (রকি) ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। অথচ ইমরান উপাচার্যের পক্ষে হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছে এবং স্বৈরাচারের দালালি করে আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়েছে। সেজন্য শিক্ষার্থীরা তার উপর ক্ষিপ্ত।”

ভুক্তভোগী ইমরান আল আমিন বলেন, “আমার ওপর হামলা চালানো হয়েছে। মাথায় আঘাত পাওয়ার কারণে আমি ঠিকমত কথা বলতে পারছি না। আমার উপর হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার চাই।”

অভিযুক্ত রাকিবুল ইসলাম রকি মারধরে বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি হামলা বা মারধর করিনি। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলাম।”

তবে বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।