রাষ্ট্রভাষা আন্দোলনের বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের। ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, “শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে অক্ষয় হয়ে আছে আমাদের মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাৎপর্যময় এই দিনে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের পর ৩৫ বছরে কেউই সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেননি। আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৭ সালের ৮ মার্চ আইন করে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেন।“ এ উপলক্ষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি অতল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করে। সব অন্যায়-অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় অমর একুশে। একুশের অবিনাশী চেতনা শক্তি যুগিয়েছিল আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে। মাতৃভাষার যথার্থ মর্যাদা ও স্বীকৃতির জন্য জীবন দেওয়ার অহঙ্কারের ইতিহাস শুধুই আমাদের। তাই, বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।”