কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এ কমিটির আহ্বায়ক হিসেবে আছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন, প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সোহরাব উদ্দিন, সহকারী প্রক্টর মোহতাসিম বিল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, “তার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটা আমি এখনো জানি না। আমি একটা মেইল পেয়েছি এবং পত্রিকায় দেখেছি। আগামীকাল প্রশাসনের কাছ থেকে অভিযোগগুলো নিয়ে কাজ শুরু করব।”
গত সোমবার (৩ মার্চ) সাবেক রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।