চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবারসহ দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রাউজান থানার পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, গত ২৪ জানুয়ারি রাউজানের এক শুঁটকি ব্যবসায়ীকে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ছেলের মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে বুধবার রাতে পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে এ দুই আসামি নোয়াপাড়া এলাকার শুঁটকি ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা করেছে বলেও জানান তিনি।