আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ট্রাম্পও রয়েছেন

চলতি বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। রাজনীতিবিদরা জানিয়েছেন যে তারা এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রেখেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

নোবেল আইন অনুসারে, মনোনীত প্রার্থীদের পরিচয় ৫০ বছর ধরে গোপন রাখা হয়।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মোট ৩৩৮টি মনোনয়নের মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান রয়েছে।

এই সংখ্যা আগের বছরের ২৮৬টি মনোনয়নের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে ২০১৬ সালে রেকর্ড ৩৭৬টি মনোনয়নের চেয়ে অনেক কম।

নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের সম্পর্কে সসবময়েই মুখ বন্ধ রাখে। তবুও মনোনয়নের যোগ্য ব্যক্তিরা - বিশ্বের যেকোনো দেশের সাবেক বিজয়ী, আইন প্রণেতা ও মন্ত্রী এবং কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক - তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে স্বাধীন।

সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। ‘এর চেয়ে বেশি আর কেউ যোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

পরে মার্কিন গণমাধ্যম ইসার কার্যালয়ের বরাত দিয়ে বলেছে যে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তাকে এই মনোনয়নে অনুপ্রাণিত করেছে।

ইউক্রেনীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকো নভেম্বরে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। নির্বাচনে সদ্য জয় পাওয়া ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করাটাই ছিল তার উদ্দেশ্য।