রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই তিন জন হলেন—মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাতে উত্তরা পশ্চিম থানাধীন ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হিযবুত তাহরীরের কিছু সদস্য উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় একত্রিত হয়ে ৭ মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচি পালনের বিষয়ে গোপন পরিকল্পনা করছে। ওই তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
সিটিটিসি সূত্র আরো জানিয়েছে, গ্রেপ্তার তিন জন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের কাছ থেকে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।