জাতীয়

বৃহস্পতিবার সারা দেশে এনআইডি সেবা ২ ঘণ্টা বন্ধ থাকবে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনআইডির সব কর্মকর্তা-কর্মচারী সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করবেন। ফলে, এ দুই ঘণ্টা সারা দেশে সব ধরনের এনআইডি সেবা বন্ধ থাকবে।

বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

এ সময় এনআইডির পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মনির হোসেন বলেছেন, “ভোটার তালিকা ও এনআইডি একই প্রতিষ্ঠানে থাকবে। বিগত তিনটি নির্বাচন কমিশন চেয়েছে, ভোটার তালিকা নির্বাচন কমিশনে থাকুক। কিন্তু, মাঝপথে দেখলাম এনআইডি নিয়ে আলাদা একটা কমিশন করার চেষ্টা। এর প্রতিবাদে আমরা সিইসিকে একটা স্মারকলিপি দিয়েছি। নির্বাচন কমিশনও সরকারকে অবগত করেছে। কিন্তু, আমরা এখনো দৃশ্যমান কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই, এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার সব নির্বাচন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করব। বেলা ১১ থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

এ সময় এনআইডি সেবা বন্ধ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, “আমরা সবাই অফিস কক্ষ ছেড়ে অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। তাহলে এনআইডি সেবা দেবে কে? সুতরাং এ সময় সব কাজ বন্ধ থাকবে।”