জাতীয়

বাধ্যতামূলক ছুটিতে সাউথইস্ট ব্যাংকের এমডি

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 

সোমবার (৫ মে) থেকে শুরু হয়েছে এই ছুটি। আগামী ৪ আগস্ট পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান চৌধুরী।

ব্যাংক সূত্রে জানা গেছে, রবিবার (৪ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময় ব্যাংকটিতে ঋণ বিতরণ ও অন্যান্য আর্থিক কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বর্তমানে এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই নুরুদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। 

নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৩ সালের ৪ জুন তিনি এই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।

সাউথইস্ট ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ অনিয়ম, খেলাপি ঋণ ও সুশাসনের ঘাটতি নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর নজরদারি করছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

গত মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও একই কারণে তিন মাসের ছুটিতে পাঠানো হয়।