রেজাউল করিম, চট্টগ্রাম : কাপ্তাইয়ের সবুজ পাহাড়ে প্রথমবারের মতো উৎপাদিত হয়েছে ইরানের বিখ্যাত ফল আলু বোখারা। মসলা জাতীয় ফল আলু বোখারার চাষ ও উৎপাদনে সাফল্য দেখিয়েছে কাপ্তাইয়ের নারাণগিরিস্থ রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র।
এই গবেষণা কেন্দ্রের বাগানে কৃষি বিজ্ঞানীদের সফল গবেষণায় মাত্র তিন বছর বয়সী গাছে আলু বোখারা ধরতে শুরু করেছে।
কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ রাইজিংবিডিকে বলেন, আলু বোখারা মূলত একটি ইরানি ফল। এই ফলটি ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপকভাবে উৎপাদিত হয়। কিন্তু বাংলাদেশে এই ফলের উৎপাদন এই প্রথম।
এ ফলের বৈজ্ঞানিক নাম Prunus Domestica, এটি Rosaceae (Rose Family) পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। আলু বোখারা পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ, জ্যাম, জ্যালি, আচার এবং বোরহানিসহ নানা অভিজাত খাবার তৈরিতে অপরিহার্য। দেশে এ ফলটি সাধারণত ভারত থেকে আমদানি করা হয়। ভারতের দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় আলু বোখারার চাষ হয়। তবে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সবচেয়ে বেশি হয়।
এই ফলের বাণিজ্যিক উৎপাদনে কৃষি গবেষকরা কাজ করছেন বলে জানান রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
একই কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ তত্ত্ব) শ্যামাপ্রসাদ চাকমা রাইজিংবিডিকে বলেন, ইরান থেকে ব্যক্তিগত উদ্যোগে আলু বোখারার বীজ এনে রাইখালীতে ক্ষুদ্রপরিসরে চারা উৎপাদন করা হয়। কৃষি কর্মকর্তাদের গবেষণায় মাত্র তিন বছরে কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় আলু বোখারা গাছে ফল ধরানো সম্ভব হয়েছে।
গবেষকরা জানান, প্রাথমিক গবেষণায় মনে হয়েছে, কাপ্তাইয়ের পাহাড়ি মাটিতে আলু-বোখারার সফল চাষাবাদ সম্ভব। এ ফলটি অভিজাত এবং বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি দাম বেশি থাকায় বাণিজ্যিক উৎপাদনে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন।
রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ আগস্ট ২০১৪/রেজাউল করিম/বকুল