পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ দুটি পুরাতন অটো কোন মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ মেশিন কেনা হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৬ জুলাই) আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাহাড়তলি টেক্সটাইলস লিমিটেডের কাছ থেকে এসব মেশিন কেনা হবে। এর জন্য ব্যয় হবে ৪৮ লাখ টাকা। অটো কোন মেশিন কেনার পর কোম্পানির উৎপাদন ক্ষমতা কতটা বাড়বে এবং রাজস্ব ও মুনাফায় তার কী প্রভাব পড়বে, সে সম্পর্কে কিছু জানায়নি কোম্পানিটি।
আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ কোম্পানির পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার। এর মধ্যে কোম্পানির পরিচালক ও উদ্যোক্তাদের হাতে ৩০.৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৫৯ শতাংশ শেয়ার আছে।