কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় রাস্তার পাশে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে।
রবিবার (২০ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বাসটি তরঙ্গ প্লাস পরিবহনের। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে বাসটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সময় পাশেই বাসের মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান থাকলেও কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো জানা যায়নি। এলাকাটিতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে কোনো নাশকতা কি না এমন প্রশ্নের জবাবে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু জানান, ঘটনার সময় বাসের মালিক ও পুলিশ ২০০ গজের মধ্যেই অবস্থান করছিল। তাই তদন্ত ছাড়া মন্তব্য করা সঠিক হবে না। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।