সারা বাংলা

চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। আর সেই চট্টগ্রাম নিয়েই ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তির নজর চট্টগ্রামের দিকে।’’

তিনি বলেন, ‘‘আমরা স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। ’’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারে দেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গ তুলে ধরে নাহিদ বলেন, ‘‘এনসিপি নেতারা সত্য উন্মোচন করেছেন বলেই দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমাদের বলতে বাধা দিলে, লড়াই বাধবে। আর সেই লড়াইয়ে জিততেই হবে।’’

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘আমরা সফলভাবে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। কিন্তু সফলভাবে রাষ্ট্রগঠন করতে পারিনি। আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘অতীতে যারা আমাদের শোষণ করেছে, তারা জানত দিনশেষে বাংলাদেশে থাকতে পারবে না। তাই তারা ভারত, আমেরিকা, লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। কিন্তু, আমরা যারা বাংলাদেশে থাকব; আমাদের বাংলাদেশ নিয়েই ভাবতে হবে।’’