ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গুদাম এবং সংস্থার কর্মীদের বাসভবনে হামলা চালিয়েছে। সোমবার এ হামলা চালানো হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তাদের কর্মীদের বাসভবনে তিনবার আক্রমণ করা হয়েছে, বিমান হামলায় আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সংস্থার কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা বিপন্ন হয়েছে।
সোমবার ইসরায়েলি ট্যাঙ্কগুলো প্রথমবারের মতো দেইর আল-বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবেশ করেছে।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এলাকায় ট্যাঙ্কের গোলাবর্ষণে ঘরবাড়ি এবং মসজিদে আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
ডব্লিউএইচও এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি সেনাবাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে, সক্রিয় সংঘর্ষের মধ্যে নারী ও শিশুদের পায়ে হেঁটে আল-মাওয়াসির দিকে সরে যেতে বাধ্য করে। পুরুষ কর্মী এবং পরিবারের সদস্যদের হাতকড়া পরানো হয়, তাদের বিবস্ত্র করা হয়, ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বন্দুকের মুখে তল্লাশি করা হয়।”
এক্স-এ প্রকাশিত একটি পোস্টে সংস্থার দুই কর্মী এবং দুই পরিবারের সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেইর আল-বালাহ গাজায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিয়ে পরিপূর্ণ, যাদের মধ্যে শত শত ফিলিস্তিনি ইসরায়েলের সরে যাওয়ার নির্দেশ জারির পর পশ্চিম বা দক্ষিণে পালিয়ে গেছে।