জাতীয়

বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তার পোস্ট প্রত্যাহার, বলা হয়নি কারণ

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা নেওয়ার পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ সহায়তা দেওয়ার আহ্বান রেখে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হলেও কেন তা সরিয়ে নেওয়া হলো, তার ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজটি পরিচালন করে প্রেস উইং। পেজে অর্থসহায়তা পাঠানোর নিম্নরূপ ঠিকানা পোস্ট করা হয়।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল; চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা।

অবশ্য পোস্টটি আধাঘণ্টা পর প্রত্যাহার করে নেওয়া হয়। এ জন্য কোনো কারণ জানায়নি বা ব্যাখ্যা দেয়নি প্রেস উইং। যে হিসাব নম্বর দিয়ে অর্থসহায়তা চাওয়া হয়েছিল, সেটিতে আর ইচ্ছা থাকলেও কেউ টাকা পাঠাতে পারবে কি না, তাও পরিষ্কার করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আগুন ধরে যাওয়া বিমানটি আঁছড়ে পড়ায় ক্যাম্পাসে শিশু শিক্ষার্থী, অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তারা ঝলসে যান; পুড়ে মারা যায় বেশ কয়েকজন শিশু। 

মঙ্গলবার দুপুর পর্যন্ত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১, যার মধ্যে ২৯ জনই শিশু। তাদের মধ্যে বেশিরভাগের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেছে সরকার এবং বলেছে, প্রয়োজনে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। 

এর আগে সোমবার সরকার জানায়, আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।