সারা বাংলা

চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরদের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। আটক যুবকের নাম সজীব (২২)। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আসাদের ঘরের জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোরের দল। স্ত্রীর চিৎকার শুনে আসাদ দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের সদস্য সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা বলেছেন, এলাকায় চোর-ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি করা হচ্ছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছেন। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়া খেলা হয়। নাকের ডগায় জুয়া চললেও পুলিশ চোখে দেখে না। জুয়ার টাকা যোগাতেই কিছু লোক চুরির পথ বেঁচে নিয়েছে। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত, তাদের আইনের আওতায় আনতে হবে। 

‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।