বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করে বলেছেন, “দেশে দু-একটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।” তিনি এসব দলের উদ্দেশ্যে বলেন, “ভুল পথে ধাবিত হবেন না।”
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীতে পল্লবী ও রূপনগর থানা বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।”
তিনি আরো বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলে, বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।”
তিনি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা।”
স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, প্রতি মাসে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন হাসপাতাল ও সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।”
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”
অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।