গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, আগস্ট মাসের বেতন গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এতে ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার সকালে দেড় থেকে প্রায় ২০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের দাবি, আজকের মধ্যেই তাদের বেতন পরিশোধ করতে হবে, না হলে তারা মহাসড়ক ছাড়বেন না।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, “একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করছি।”
এ বিষয়ে মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের অনন্য কর্মকর্তারাও কথা বলতে রাজি হননি।