জাতীয়

দুর্গাপূজায় ৮০ হাজার ভলেন্টিয়ার থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন শুরু হবে এবং কোনো জেলাকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে না।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “আসন্ন পূজার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পূজার নিরাপত্তার জন্য ২৪ সেপ্টেম্বর থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর অন-গ্রাউন্ড ডিপ্লয়মেন্ট ২৪ তারিখ থেকে শুরু হবে।। বর্তমানে থানা পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসার টহল দিচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০,০০০ ভলান্টিয়ার মোতায়েন থাকবে, যাতে পূজা খুব ভালোভাবে উদযাপিত হয়। পূজা কমিটি তাদের মণ্ডপে সাতজন করে গার্ড রাখবে।”

উপদেষ্টা জোর দিয়ে বলেন, “এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। মণ্ডপে জুতা বা স্যান্ডেল নিয়ে ওঠা যাবে না। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে, যেন কোনোভাবেই এর পবিত্রতা ভঙ্গ না হয়।”

একটি সংগঠন ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে। কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই। ছোটখাট দুই একটি ঘটনা ঘটলে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপগুলিতে যেখানে সিটিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেখানে যারা ভাঙচুর করছে, তাদেরও ধরা হচ্ছে।”