বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আয়োজিত সংবর্ধনায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সী খায়রুজ্জামান আলম মারা গেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মারা যাওয়া মুন্সী খায়রুজ্জামান আলম নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতারা জানান, বুধবার রাত ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় চলন্ত বাসের ভেতর অসুস্থ হয়ে পড়েন মুন্সী খায়রুজ্জামান আলম। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। নড়াইল জেলা থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় রওনা হন। বুধবার রাতে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে তারা বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে মুন্সী খায়রুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম বলেন, “ইতিহাসের সাক্ষী হতে দল বেঁধে নেতাকর্মীরা ঢাকামুখী হন। পথেই লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম মারা যান। তার মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি শোকাহত।”