খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে র্যাব হেডকোয়ার্টার থেকে জানানো হয়, ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৩ ডিসেম্বর থেকে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে গির্জা, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থলে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া, যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে চার্চ এবং গির্জাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সব মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।
র্যাব জানায়, চক্রান্তকারী/উস্কানিদাতা এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহপূর্বক নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে কাজ করছে র্যাব। ভার্চুয়াল জগতে যে কোনো ধরণের গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। যারা সাইবার জগতে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ গির্জা, উপাসনালয় ও অনুষ্ঠানস্থলে অপতৎপরতাকারীদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড়দিন উদযাপন কমিটি কর্তৃক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। বড়দিন উদযাপন কমিটি কর্তৃক নিয়োগকৃত স্বেচ্ছাসেবক এবং কর্তব্যরত র্যাব সদস্যদের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ব্যবস্থা করা হচ্ছে। কোনো দুষ্কৃতকারী গির্জা ও অনুষ্ঠান এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ চার্চ, উপাসনালয় এবং অনুষ্ঠানস্থলে আগত নারীদের উত্যক্ত/ইভটিজিং/যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গির্জার নিরাপত্তা রক্ষায় সেখানে দায়িত্বরত র্যাব সদস্যদের গির্জা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক দলকে সর্বদা সহায়তা করার জন্য অনুরোধ করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ গির্জায় নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক যে সব সিসিটিভি স্থাপন করা হয়েছে তা যথাযথভাবে মনিটরিং করার জন্য চার্চ কর্তৃপক্ষকে আহ্বান করছে র্যাব।
র্যাব ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নম্বরঃ ০১৭৭৭৭২০০২৯ মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
বড়দিনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে চক্রান্তকারী গোষ্ঠী রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিতে না পারে তার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
উৎসবকে কেন্দ্র করে বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তা এবং ভিআইপি কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে গমনাগমন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ধর্মযাজকগণের নিরাপত্তার বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক ঝুঁকি পর্যালোচনা ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বড়দিন উপলক্ষে ঢাকার বনানী, গুলশান, উত্তরা, পূর্বাচল, ৩০০ ফিট, হাতিরঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।পাশাপাশি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত অনুষ্ঠানের আড়ালে অশ্লীল কর্মকাণ্ড, ইভটিজিং ও নারীদের শ্লীলতাহানীর ঘটনা রোধকল্পে বড়দিন উদযাপন কমিটিসমূহসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বঙ্গভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার অফিস এবং গণভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই-এর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বড়দিনের অনুষ্ঠানে পটকা, আতশবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো যাবে না। আতশবাজি বা পটকা ফুটানো বা ফানুস উড়ানো বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।