ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার হাত ধরে ছোট পর্দার অনেকে বড় পর্দায় পা রেখেছেন। ‘প্রজাপতি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ‘যমুনা ঢাকি’ অর্থাৎ শ্বেতা ভট্টাচার্যর। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘প্রজাপতি টু’। এ সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘বধূয়া’ ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। এবার দেবের নায়িকা হতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ‘অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। এতে তার বিপরীতে অভিনয় করেন অঙ্কিতা মল্লিক।
অঙ্কিতা মল্লিক
‘অ্যাম্বুলেন্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ হলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির করিমুল হক। বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তিনি। এটাই তার ধ্যান জ্ঞান। তার জীবনী বড়পর্দায় তুলে ধরবেন দেব। এর আগেও একাধিক বায়োপিকে কাজ করেছেন তিনি। কখনো ‘বাঘা যতীন’ হয়ে ধরা দিয়েছেন, কখনো আবার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় ‘গোলন্দাজ’ সিনেমায় নজর কেড়েছেন। এবার তিনি হবেন ‘অ্যাম্বুলেন্স দাদা’।
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে দীর্ঘ ৩ বছর কাজ করেছেন অঙ্কিতা। গত ১১ ডিসেম্বর এ ধারাবাহিকের শুটিং শেষ করেন। বড় পর্দায় দেবের বিপরীতে অভিনয়ের বিষয়ে কয়েক দিন আগে জানতে চাইলে তা কৌশলে এড়িয়ে যান এই অভিনেত্রী।
অঙ্কিতা মল্লিক
তবে বড় পর্দার কাজ নিয়ে চিন্তিত, সে কথা জানিয়েছেন। অঙ্কিতা মল্লিক বলেন, “বড় পর্দার প্রথম কাজ নিয়ে একটু টেনশনে আছি। তবে তার চেয়েও বেশি উচ্ছ্বসিত। আশা করছি, খুব ভালো কাজ হবে।”