সারা বাংলা

বড়দিনের ছুটিতে পর্যটকে মুখরিত কুয়াকাটা 

বড়দিনের সরকারি ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছেন পর্যটকরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র। আগতদের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোয়। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসন। সব মিলিয়ে ছুটি উপলক্ষে সৈকতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আসা পর্যটক রাকিব হোসেন বলেন, “আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বড়দিন ও সাপ্তাহিক মিলিয়ে তিনদিনের ছুটি পেয়েছি। রবিবারও অফিস থেকে ছুটি নিয়েছি। ছুটি কাটাতে তাই পরিবারের সদস্যদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে কুয়াকাটায় এসেছি।” 

সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা

 তিনি বলেন, “সকাল সকাল কুয়াকাটা পৌঁছে লাল কাঁকড়া দেখতে গিয়েছি। কাঁকড়ার অবাধ বিচরণ ও গঙ্গামতি সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ভালোই লেগেছে। আরো দুইদিন কুয়াকাটায় থেকে এখানকার সব পর্যটন স্পট ঘুরে দেখব।” 

ঝালকাঠি থেকে আসা পর্যটক ফিরোজ বলেন, “বড়দিন উপলক্ষে সরকারি ছুটি পাওয়ায় গতকাল কুয়াকাটায় এসেছি। এখানের মনোরম পরিবেশ খুবই ভালো লেগেছে। দারুন সময় উপভোগ করছি। দুপুরে সমুদ্রে নেমে সবাই মিলে গোসল করব।” 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। নৌ পুলিশ ও থানা পুলিশও মাঠে কাজ করছে।”