সারা বাংলা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ২ সন্তানের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিশু সন্তান ও মায়ের মৃত্যু হয়েছে। দুই সন্তানকে নিয়ে ওই নারী ট্রেনের সামনে এসে দাঁড়ায় বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাফেজা খাতুন মালা (৩৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫) নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার সকালে হাফেজা খাতুন তার দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং এলাকায় বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে ব্রাম্মণবাড়িয়া থেকে তিতাস এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় হাফেজা বেগম তার দুই সন্তানের হাত ধরে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। রেলক্রসিংয়ের গেটম্যান চিৎকার করে তাদের সরে যেতে বলেলেও ওই নারী দুই সন্তানের হাত ধরে রেললাইনে দাঁড়ি থাকে। ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতদের পারিবারিক সূত্র ও পুলিশ জানিয়েছে, হাফেজা খাতুন মালা তার শ্বশুরবাড়ি কালীগঞ্জের আতুরীতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্বশুরবাড়িতে ঝগড়া হয়। পরে মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি।

গেটম্যান আব্দুল সাত্তার বলেন, ‘‘আমি যখন চিৎকার করে তাদের সরে যেতে বলি, তখন বাচ্চা দুটি মার হাত ধরে টানাটানি করে সরে যেতে চাইছিল কিন্তু ওই নারী তাদের ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। আমি দৌড়ে গিয়েও তাদের রক্ষা করতে পারিনি।’’

নিহত শিশুদের চাচি আম্মিয়া বেগম বলেন, রবিবার (২৫ জানুয়ারি) হাফেজার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ফের তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সন্তানদের নিয়ে স্কুলে যাওয়ার কথা বলে পূবাইলে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয় হাফেজা।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আল আমিন বলেন, ‘‘ওই নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে।’’

পূবাইল ওসি আতিকুল ইসলাম বলেন, ‘‘এক মা আর দুই সন্তানের মৃত্যু হয়েছে। তারা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’’