লা লিগার শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল বার্সেলোনা। এলচের মাঠে শনিবার (৩১ জানুয়ারি) রাতে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে ৩-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে থাকা ব্যবধান বাড়িয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে থাকার ব্যবধান দাঁড়াল চার পয়েন্টে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে খেলতে থাকে বার্সেলোনা। মাত্র ষষ্ঠ মিনিটেই ফল পায় সেই চাপ। মাঝমাঠ থেকে দানি ওলমোর নিখুঁত পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। দ্রুত এগিয়ে গেলেও ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ওলমোর এক শট বাইরে যায়, আরেকটি আঘাত হানে ক্রসবারে।
২৯ মিনিটে অবশ্য ম্যাচে ফেরে এলচে। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণে উঠে বক্সে ঢুকে নিচু শটে সমতা ফেরান আলভারো রদ্রিগেস। তবে বিরতির আগে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্ষীপ্র ড্রিবলিংয়ের পর বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান ফেরান তোরেস।
দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আনেন ফ্লিক। রাফিনিয়ার জায়গায় মাঠে নামেন মার্কাস র্যাশফোর্ড। আর পরবর্তীতে নামানো হয় রবার্ট লেভানদোভস্কি ও তরুণ মার্ক বের্নালকে। এই পরিবর্তনের সুফল মেলে ৭২ মিনিটে। ডান দিক থেকে ইয়ামালের বাড়ানো বল আংশিক ক্লিয়ার হলেও সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান র্যাশফোর্ড।
পরিসংখ্যানেও স্পষ্ট ছিল বার্সেলোনার আধিপত্য। ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ৩০টি শট। যার আটটি লক্ষ্যে ছিল। এলচে চেষ্টা করলেও মাত্র ৯টি শট নিতে পেরেছে, তিনটি গেছে পোস্টে।
এই জয়ে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫১ পয়েন্ট। অন্যদিকে এলচে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের মাঝামাঝি, দ্বাদশ স্থানে।