সারা বাংলা

চট্টগ্রামের ৩৪৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

চট্টগ্রাম জেলার ১৩টি সংসদীয় আসনে ৩৪৫ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এই ১৩ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৫৬২টি। নিরাপদ ও সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে জেলা পুলিশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে আনার প্রস্তুতি নিচ্ছে।

চট্টগ্রাম মহানগরীর বাইরে জেলায় মোট ১৬টি উপজেলা/থানা নিয়ে ১৩টি সংসদীয় আসন গঠিত। এই আসনগুলো হলো: চট্টগ্রাম ১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৬ ( রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।

জেলা পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম-১ আসনে ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ১০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে কোনো অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র নেই। ফটিকছড়ি ও ভূজপুর থানা এবং দুটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে মোট কেন্দ্র ১৪০টি। এর মধ্যে তিনটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ সংসদীয় আসনে ৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ৪৮টি, চট্টগ্রাম-৫ আসনে ১৪৩টির মধ্যে ৩০টি, চট্টগ্রাম-৬ আসনে ৯৫টির মধ্যে ২১টি এবং চট্টগ্রাম-৭ আসনে ৯২টির মধ্যে ছয়টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

চট্টগ্রাম-৮ (রাউজান) আসনে ১৭৯টি কেন্দ্রের মধ্যে ২৫টি, চট্টগ্রাম-১২ আসনে ১১৩টির মধ্যে ২৪টি, চট্টগ্রাম-১৩ আসনে ১১৮টির মধ্যে ১৩টি, চট্টগ্রাম-১৪ আসনে ১০০টির মধ্যে ৯টি, চট্টগ্রাম-১৫ আসনে ১৫৭টির মধ্যে ২২টি এবং চট্টগ্রাম-১৬ আসনে ১১২টির মধ্যে ৪১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে সন্দ্বীপের ৮৩টি, চন্দনাইশের তিনটি, সাতকানিয়ার একটি এবং বাঁশখালীর তিনটি কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত বলে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বাহিনী মোতায়েন থাকবে এবং কেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ জানান, প্রতিবার কিছু ভোটকেন্দ্র স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ থাকে। এবারও কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ঝুঁকি মোকাবেলায় আমরা জনবল বৃদ্ধি এবং টহল টিম মোতায়েনের ব্যবস্থা করেছি।