বিনোদন

কন্যার বিয়ে দিলেন নাঈম–শাবনাজ

নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। তাদের দুই কন্যা। বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরের নাম ইহসান মনসুর চৌধুরী। গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় পারিবারিক আয়োজনে তাদের বিয়ের  আনুষ্ঠানিকতা হয়েছে। 

নাঈম-শাবনাজের মেয়ের জামাই ইহসান প্রয়াত কিংবদন্তি গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে। রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসব তথ্য নিশ্চিত করে চিত্রনায়িকা শাবনাজ বলেন, “সবাই আমার মেয়ে ও জামাইয়ের জন্য দোয়া করবেন।” 

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈম নিজেও। মা–বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নিয়মিত হননি তিনি। তবে একটি বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন। পাশাপাশি গান গেয়েও ইতিমধ্যে আলাদা পরিচিতি পেয়েছেন মাহাদিয়া। 

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। এখন অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করতে যাচ্ছেন। দূর দেশে যাওয়ার আগে ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।  

বর-কনের সাজে ইহসান-মাহাদিয়া

ইহসান সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। পড়াশোনার পাশাপাশি চাকরিও করছেন। মাহাদিয়া ও ইহসানের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়।