অর্থনীতি

বড় লোকসানে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না সিঙ্গার

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়া বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির ব্যবসায় বড় লোকসান হয়েছে। ফলে নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

২০২৫ সালের ৩১ ডিসেম্ব সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২২.৫৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল (৪.৯১) টাকা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.৬৯ টাকায়।