গাজীপুর-২ আসনে প্রচারণার সময় ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী আলী নাছের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মো. তরিকুল ইসলাম ওই লিখিত অভিযোগটি দায়ের করেছেন।
রিটার্নিং কার্মকর্তার কাছে দেয়া অভিযোগে বলা হয়, গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নং ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। শাপলা কলি মার্কার শোভাযাত্রা গতি থামিয়ে তাদের চলে যাবার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উস্কানিমূলক আচরণ করতে থাকে। এসময়ে ২১ নং ওয়ার্ড যুবদল ক্যাডার সুমন সরকার ও গাজীপুর ২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী ব্যক্তি ধানের শীষের স্টিকার সম্বলিত প্রাইভেট কার ব্যবহার করে গাড়ি চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়। শোভাযাত্রা রাস্তা পাড় হয়ে পশ্চিম পাশে পোড়াবাড়ি বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতি রোধ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে। প্রাণনাশের চেষ্টা ও শোভাযাত্রার গতিরোধ ফৌজদারী অপরাধ ও আচরণবিধির সুস্পষ্ট লংঘন এবং সন্ত্রাসীকর্ম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অভিযোগে আরো বলা হয়, নির্বাচন কমিশন কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারছে না। যার ফলে আজকের এই হত্যাচেষ্টা। পরিকল্পিতভাবে শাপলা কলির প্রার্থীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে প্রথমে ধানের শীষের প্রচার গাড়ি, একটি সাদা প্রাইভেট কার দ্রুতগতিতে প্রার্থী আলী নাছের খানের উপর উঠিয়ে দেয়ার মাধ্যমে হত্যাচেষ্টা করে। এসময় প্রার্থী প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন এনসিপি জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন। এছাড়া গত ৩০ জানুয়ারি এরশাদ নগর ছোট বাজারে যুবদলের আনোয়ার ও সন্ত্রাসী কামুর লোকজন শাপলা কলির প্রচারণায় বাধা প্রদান করে। পোড়াবাড়ি বাজারে স্থাপিত নির্বাচনী বিলবোর্ড ছিড়ে ফেলে।
এ ঘটনায় এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়েও মৌখিক অভিযোগ দিয়েছেন আলী নাছের খান।
এ ঘটনায় রবিবার দুপুরে এনসিপি প্রার্থী আলী নাছের খান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখন সেটি তদন্ত করা হবে। এরইমধ্যে এনসিপির প্রার্থী আলী নাসের খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ দেয়া হয়েছে। তার যদি আরো নিরাপত্তা প্রয়োজন হয় তাহলে আরো নিরাপত্তা কর্মী দেয়া হবে।