বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গতকাল (৩১ জানুয়ারি) রাতে ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি থেকেই প্রতিবাদের শুরু।
পোস্টটি এরইমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। গতকাল মধ্য রাতে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।
এ বিষয়ে আজ সকালে জরুরি এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকালে শফিকুর রহমানসহ দলটির কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম দাবি করেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে।
তবে ওই পোস্টের বক্তব্যের জের ধরে বিক্ষোভ করেছে ছাত্রদল। এসময় ছাত্রদল নেতাকর্মীদের ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।”
তিনি বলেন, “জামায়াতে আমিরের দেওয়া ওই স্ট্যাটাসে নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারীদের তিনি অবমাননাকর ভাষায় আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে তীব্র প্রতিবাদ শুরু হলে তিনি দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছিল।”
রাকিব বলেন, “যদি সত্যিই আইডি হ্যাক হয়ে থাকে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে নিজের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারতেন। তার কাছে সেই সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিবাদের ঝড় ওঠার পর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।”
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কোনো নারী তার দলের প্রধান হতে পারবেন না। ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় তিনি এক্সে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে দাবি করা হয় তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার ও তথ্য যাচাই করতে জানে। একটি ভেরিফায়েড আইডি হ্যাক হলে তাৎক্ষণিকভাবে কয়েক মিনিটের মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব, এ ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয়।”
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।