ব্যাংক লুটেরা প্রার্থীদের থেকে টাকা নিয়েও তাদের ভোট না দিয়ে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়ে উঠবে, তাদের ভোট দেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘‘যারা লুটপাট করেও ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন; যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। ভোটটা তাকেই দিবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর হয়ে উঠবে।’’
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এ সব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘‘একটা দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। সেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে বিদেশে চলে যাবে। এ সব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের নির্বাসন করা যাবে না।’’
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ‘‘অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান, হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক না আসুক; তাহলে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।’’
বিভিন্ন রাজনৈতিক দলের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘‘আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছে। আশা করছি, তারা মুনাফেকি করবে না।’’
নির্বাচনি পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।