খেলাধুলা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: কারা খেলবেন? কে কোন দলে খেলবেন?

দেশের সেরা ক্রিকেটারদের সমন্বয়ে তিনটি দল নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’ এজন‌্য আড়াই কোটি টাকার ম‌্যাচ ফি ও প্রাইজমানি ঠিক করেছে বিসিবি।

ধূমকেতু, দুর্বার ও দুরন্ত তিনটি একাদশ বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন কুমার দাস রয়েছেন ধূমকেতু একাদশের দায়িত্বে। তার অধীনে থাকা দলটি জাতীয় দলের সব ক্রিকেটার রয়েছে। দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় টি-টোয়েন্টি দলের দুয়েকজন ক্রিকেটারসহ বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই দল। এছাড়া দুর্বার একাদশের দায়িত্বে আকবর আলী। তার অধীনে থাকা বেশির ভাগ ক্রিকেটাররাই ইমার্জিং দলের। যুব বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদেরও রাখা হয়েছে এই প্রতিযোগিতায়।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিন দলের তিন ম্যাচের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ধূমকেতু স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দুর্বার স্কোয়াড: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হক সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ। 

দুরন্ত স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন। 

টুর্নামেন্টের ফিক্সচার: ৫ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দূরন্ত একাদশ, ৬ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দুর্বার একাদশ, ৭ ফেব্রুয়ারি- দুর্বার একাদশ বনাম দূরন্ত একাদশ, ৯ ফেব্রুয়ারি- ফাইনাল।

প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় থমকে যায় মিরপুরের ক্রিকেট কার্যক্রম। শুরুতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এগিয়ে আনার কথা ভাবা হয়েছিল। ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত অলিখিত ছুটির মতোই ছিল সব কার্যক্রম। কিন্তু ক্রিকেটারদের কথা চিন্তা করে আবার মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যাওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের কথা মাথায় নিয়েই বিসিবি তড়িঘড়ি করে আয়োজন করছে এই প্রতিযোগিতা।

প্রতিদিন ম‌্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি। দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে।