সারা বাংলা

গণভোটে ‘না’ বলায় লাঙ্গলের প্রতি মানুষের আস্থা ফিরছে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী জিএম কাদের বলেছেন, “গণভোটের বিষয়ে ‘না’ প্রচার চালানোয় মানুষ এখন এর মর্ম বুঝতে পারছে। তাই পূর্বের তুলনায় ভোটের মাঠে লাঙ্গলের প্রতি মানুষের আস্থা ফিরছে।’’

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর নবাবগঞ্জ সুপার মার্কেটে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “গণভোটে একমাত্র আমরাই প্রথম ‘না’ এর পক্ষে অবস্থান নিয়েছি। আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি ‘হ্যাঁ’ ভোট দিলে কি হবে, আর ‘না’ ভোট দিলে কি হবে। ‘হ্যাঁ’ এর মাধ্যমে আবারো সংস্কারের নামে গোলামীর কব্জায় পড়বে দেশ।”

তিনি বলেন, “তাই দেশ বাঁচাতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বিরাজমান রাখতে আমরা সচেতনভাবে ‘না’ এর পক্ষে মতামত দিচ্ছি। মানুষও এখন ধীরে ধীরে বিষয়গুলো বুঝতে শুরু করেছে।”

জাপা চেয়ারম্যান বলেন, ‘‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর অরাজক পরিস্থিতি দেখে মানুষ এখন বুঝতে পারছে, লাঙ্গলেই একমাত্র মঙ্গলের দল। তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার মানুষের জনস্রোত জাতীয় পার্টির দিকে। শেষ পর্যন্ত ভোটের মাঠ লেভেল প্লেয়িং থাকলেই অধিকাংশ আসনেই ভোট বিপ্লব হবে।”

তবে, ভোটের মাঠে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন জিএম কাদের।

নির্বাচনি গনসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।