ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন। ভোটারদের মধ্যে দুইজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। ভোটারদের সবাই পুরুষ।
রবিবার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
বর্তমানে কারাগারে ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন। এছাড়া জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
কারাগারে দায়িত্বে নিয়োজিত হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, ‘‘দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে আছি। চাকরিরত অবস্থায় প্রথমবারের মতো ভোট দিতে পারব। বিষয়টি ভেবে আনন্দিত।’’
জেলার আখিরুল ইসলাম জানান, কারাগার থেকে এবার ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলায় ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।