হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাটে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গিয়াস উদ্দিন তাহেরী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে প্রচার না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার দেওলগাও গ্রামে বিকেলে নির্বাচনি প্রচারে যান গিয়াস উদ্দিন আত তাহেরি। সেখানে গাড়ি পৌঁছার পর পরই সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির একদল নেতাকর্মী গাড়ি বহর আটকে দেয়। তারা তাহেরীকে প্রচার না করে চলে যেতে বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তাহেরী প্রচার না করেই চলে যেতে বাধ্য হন।
গিয়াস উদ্দিন তাহেরী বলেন, “আমি একজন সংসদ সদস্য প্রার্থী। প্রার্থী হিসেবে আমার প্রচার চালানোর অধিকার আছে। ভোট দেওয়া না দেওয়া আপনাদের বিষয়। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি প্রচারে বাধা দিতে পারেন না।”
তিনি আরো বলেন, “এলাকার একটা সম্মান আছে। এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন, প্রচারে বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”
চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “বিষয়টি আমরাও শুনেছি এবং ফেসবুকে দেখেছি। নির্বাচনে কত কিছু হয়। এটা একটা ভুল বোঝাবুঝি। বিষয়টি সমাধান করা হয়েছে।”
চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।”