টিকিটবিহীন যাত্রীদেরকে টাকার বিনিময়ে অবৈধভাবে রেলযাত্রার সুযোগ দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বে থাকা স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২, ঢাকা হেড কোয়ার্টার) টাকার বিনিময়ে কয়েকজন যাত্রীকে অবৈধভাবে ট্রেনে ভ্রমণের সুযোগ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া অভিযোগ তদন্ত করে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রমাণের ভিত্তিতে পরবর্তী তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।