সারা বাংলা

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ আহত হননি।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমির হোসেন তার এক বন্ধুকে নিয়ে নিজের গাড়ি চালিয়ে আড়াইহাজার সদর থেকে মাহমুদপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। গুলিগুলো গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকলেও কেউ আহত হননি। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “তদন্ত চলমান। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা প্রক্রিয়াধীন।”