সারা বাংলা

কানায় কানায় পূর্ণ বীর মুক্তিযোদ্ধা মাঠ, বাইরেও সমর্থকদের উপচে পড়া ভিড়

কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো মাঠ। ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় মাঠের বাইরে স্থাপিত বড় পর্দায় দলীয় নেতাদের বক্তব্য শুনছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই জনসভাকে কেন্দ্র করে ভোর থেকেই কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই মাঠের ভেতরে আর জায়গা না থাকায় অনেকে সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

সমাবেশস্থল ও আশপাশের পুরো এলাকায় দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি বক্তব্য সম্প্রচার করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিংবা বসে মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন সমর্থকরা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ বলেন, জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকে বাইরে বড় পর্দায় বক্তব্য শুনছেন এবং প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

টেকনাফের শামলাপুর থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “আমরা ১৬টি বাসে করে জামায়াতের সমাবেশে যোগ দিয়েছি। এখানে মানুষের পা ফেলার জায়গা নেই। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ।”

উখিয়ার সাইফুল সিকদার বলেন, “ভিড় হবে ভেবে আগেভাগেই চলে এসেছিলাম। এসে দেখি জনসভার মাঠ পুরোপুরি ভরে গেছে। মাঠের বাইরেও অনেকে বড় পর্দায় বক্তব্য দেখছেন- দৃশ্যটা সত্যিই ভালো লেগেছে।”

এর আগে রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করেন দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে পাঁচটি জনসভায় বক্তব্য রাখবেন। এসব জনসভা সফল করতে জেলার প্রতিটি প্রান্ত থেকে ব্যাপক জনসমাগম ঘটেছে।

তিনি আরো বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই।

কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল অংশীজন এবং বিশেষভাবে কক্সবাজার শহরবাসীর সহযোগিতা কামনা করছি। জনসভার কারণে সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা মুহাম্মদ শাহজাহানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।