বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর–নলডাঙ্গা (নাটোর-২) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন করে বিএনপির বিজয় ঠেকাতে সুক্ষ্ম কারচুপির ষড়যন্ত্র চলছে। তবে দেশের জনগণ এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “দীর্ঘদিন পর দেশের মানুষ আবার তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। অতীতে দিনের ভোট রাতে হয়েছে, ভোট ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। মানুষ আর সেই পরিস্থিতি দেখতে চায় না। জনগণ চায়- বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত না হোক।”
তিনি আরো বলেন, “কারচুপির মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে। ভোটাররা এখন অনেক বেশি সচেতন ও সতর্ক রয়েছে।”
প্রচারণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।