ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম বলেন, “ঢাকা থেকে রবিবার ১৩ জেলায় এবং সোমবার ৮ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। দুই দিনে মোট ২১ জেলায় ব্যালট পেপার গেল।”
সোমবার ব্যালট পাঠানো হয়েছে- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ মুন্সীগঞ্জ ও গাজীপুর জেলার ব্যালট।
এর আগে রবিবার (১ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার ব্যালট।
ব্যালট পেপারের সঙ্গে নির্বাচনি অন্যান্য সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনসামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হবে। এবার ৬৪ জেলার ৩০০ আসনে ২০১৭ জন প্রার্থী। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।