ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের ৫৬টি ভোটকেন্দ্রে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি ও ড্রোন দিয়ে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবস্থা ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর থাকে।
কোস্ট গার্ড জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বাহিনী দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। নিয়মিত অভিযানের মাধ্যমে জনগণের জান-মালের সুরক্ষা দিয়ে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোস্ট গার্ড বদ্ধপরিকর।
এ লক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে বাহিনীটি। এরই অংশ হিসেবে পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা মোতায়েন রয়েছেন। এসব এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহলের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।