সারা বাংলা

মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিদায় করেছি: হাসনাত আবদুল্লাহ

জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কুচিন্তা করবেন না। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর মুখে দাঁড়িয়েই আমরা ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে বিদায় দিয়েছি।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা কি সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও ক্যাসিনোমুক্ত পার্বতীপুর চান? তাহলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন।”

নারীদের উদ্দেশে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। ভোট দিয়ে প্রয়োজনে বাসায় ফিরে সকালের নাস্তা করবেন। পবিত্র স্থানে সঠিকভাবে ভোট দিয়ে সোনার বাংলা গড়ার সুযোগ করে দিন।”

জনসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের আরেক নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আগামী দিনে জিম্মিদশা থেকে মুক্ত হতে চাইলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন।”

তিনি বলেন, “দেশের একটি দল ভোটারদের বিভিন্ন সুবিধার কথা বলে। কিন্তু, তারা কি ভুলে গেছে, কৃষকরা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছিল, তখন তাদের ওপর কী ঘটেছিল? মুরুব্বিরা নিশ্চয়ই সেই ঘটনাগুলো ভুলে যাননি।”

পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন— জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।