বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “যাদের এলাকায় কোনো জনসম্পৃক্ততা নেই, যারা কখনো নির্বাচন করেননি কিংবা এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারা কীভাবে নিশ্চিত জয়ের কথা বলছেন এটাই বড় প্রশ্ন।”
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “১৯৭৭ সাল থেকে আমি এই এলাকায় নির্বাচন করে আসছি।এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি যে আমি জয়ী হবো। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়েও আজও বলতে পারছি না আমি নিশ্চিত জয়ী হবো। অথচ যারা কখনো নির্বাচন করেনি, জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকাতেই পরিচিত নয় তারাই কীভাবে নিশ্চিত জয়ের কথা বলে?”
তিনি বলেন, “যারা কখনো জয়ের কথা নয়, তারা নাকি আগেই জিতে আছে এতে আমি সন্দিহান। মনে হচ্ছে তারা নির্বাচন কারচুপি কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।”
নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “তিনি আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি অভিজ্ঞ ও বিজ্ঞ মানুষ। বেসিক্যালি তিনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র কয়েকজন অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে এমন ভাব দেখান—এমন কিছু না বললে মানুষ বুঝবে না যে তারা জামায়াত করে। সে কারণেই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার সাহস পান।”
আইডি হ্যাকের বিষয়ে জামায়াতের বক্তব্য নিয়ে তিনি বলেন, “তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত ফেরত পাওয়া যায়—আমি তো জানতাম না।”
এদিন বিকেলে মির্জা আব্বাস শাহজাহানপুর ইনকাম ট্যাক্স কলোনি ও আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।