সারা বাংলা

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের ছেলে মুহিত উদ্দিন ওরফে সাগর (৩০) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ ওসমান (২০)।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, খুটাখালী বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পলেস্তারার কাজ করছিলেন তিনজন শ্রমিক। ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের স্পর্শে মুহিত উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে ওসমানও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।