পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভ কামনার বার্তা দেন।
পোস্টে তারেক রহমান লেখেন, “শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরো লেখেন, “বরাত অর্থ নাজাত বা মুক্তি। শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এই রাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার উন্মুক্ত করে দেন। ফলে এই রাতের ফজিলত ও মর্যাদা অত্যন্ত বেশি। এই রজনী রমজানের আগমনী বার্তাও বহন করে।”
“এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।”
বিএনপি চেয়ারম্যান আরো লেখেন, “শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভ। বিশ্বাসী মুসলমানরা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। আমরা সবাই যেন সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখতে পারি- মহিমান্বিত এই রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন-এর নিকট আমরা একান্তভাবে মোনাজাত করব। পবিত্র শবে বরাতের এই রজনীতে আমি দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।”