উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে করে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়কে যান এবং গাজীপুর–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করে। এতে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময়ে জয়দেবপুর জংশনে দুইটি ট্রেন যাত্রা বিরতি করে।
এর আগে গত রবিবার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
আন্দোলনরত শিক্ষার্থীর জানান, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরো কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে- দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।
এদিকে সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুইটি ট্রেন যাত্রা বিরতি করে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।